ছেলেদের ম্যাচে নারী রেফারি : আরব বিশ্বে ইতিহাস
স্পোর্টস ডেস্ক

আরব বিশ্বের কোনো দেশে এর আগে কখনোই ছেলেদের ফুটবল ম্যাচে নারী রেফারি দায়িত্ব পালন করেনি। সেই ইতিহাস ভাঙতে যাচ্ছে। গতকাল মরক্কোর থ্রোন কাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেন একজন নারী। এর মধ্য দিয়ে আরব বিশ্বে নতুন ইতিহাস রচিত হলো।
ফাইনালে এএস ফারের মুখোমুখি হয় মোঘরেব তেতুয়ান। রেফারির দায়িত্ব পালন করেন বুশরা কারবৌবি। এর মধ্য দিয়ে তিনি হলেন আরব বিশ্বে ছেলেদের ফুটবল ম্যাচে প্রথম নারী রেফারি। তাকে এ দায়িত্ব দিয়েছে রয়্যাল মরক্কো ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) রেফারিং কমিটি।
পেশায় মরক্কোর পুলিশ কর্মকর্তা বুশরা এর আগে গত ফেব্রুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনস প্রতিযোগিতার ফাইনালে ভিডিও রেফারির দায়িত্বে ছিলেন। ২০১৬ সালে প্রথম আন্তর্জাতিক আঙিনায় রেফারিং করেন বুশরা। মরক্কোর শীর্ষ লিগ ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনাও করেছেন ৩৪ বছর বয়সী এই নারী। গতকাল ফাইনালে তার সহকারীও আরেক নারী। তার নাম ফাতিহা জারমৌমি।
এক বিবৃতিতে উত্তর আফ্রিকা ফুটবল ফেডারেশন আগে জানিয়েছে— ‘আরব বিশ্বে বুশরা প্রথম নারী, যিনি ছেলেদের কোনো জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন।’




