ব্রিটনির বিয়ের অনুষ্ঠানে যে কাণ্ড করলেন সাবেক স্বামী
বিনোদন ডেস্ক

ইরানি মুসলিম যুবক স্যাম আসগারিকে বিয়ে করলেন যুক্তরাষ্ট্রের পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। তাদের বাগদান সারা হয়েছিল আগেই। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন ব্রিটনি ও আসগারি।
৪০ বছর বয়সি ব্রিটনির সঙ্গে দাম্পত্য জীবন শুরু হলো ২৮ বছরের আসগারির। তবে বিয়ের সেই আয়োজন ভেস্তে দিতে চেয়েছিলেন ব্রিটনির সাবেক স্বামী জেসন আলেকজান্ডার। যে কারণে তাকে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে— বৃহস্পতিবার ব্রিটনির বিয়ের পার্টিতে হুট করে আসেন জেসন আলেকজান্ডার। শুরু করে দেন হইচই-হট্টগোল। প্রায় পণ্ডই হতে চলেছিল বিয়ের অনুষ্ঠান।
তবে শেষে পুলিশ এসে আলেকজান্ডারকে গ্রেফতার করলে বিয়ের অনুষ্ঠান আর পণ্ড হয়নি। এ ঘটনার ভিডিও এখন প্রকাশ্যে।
ভিডিওতে দেখা গেছে— বিয়ের পার্টি জমে উঠেছে। চারদিকে আনন্দঘন পরিবেশ। হঠাৎই দেখা যায় জেসন পার্টিতে আসেন। গোটা আয়োজনের মধ্যে হেঁটে হেঁটে ব্রিটনিকে খুঁজছেন আর উচ্চস্বরে বলছেন— ‘ব্রিটনি আমার প্রথম স্ত্রী, আমার একমাত্র স্ত্রী’।
এতে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে সরিয়ে নেয় জেসনকে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন— বিনা আমন্ত্রণে প্রবেশের চেষ্টার অভিযোগে জেসনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অনুপ্রবেশ, হুমকি-ধমকি দেওয়া এবং ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ কর্মকর্তা বলেন— বিয়ের পার্টিতে হঠাৎ হাজির হয়ে উচ্চস্বরে কথা বলতে থাকেন ব্রিটনির সাবেক স্বামী জেসন। এ সময় তাকে বাধা দিতে এলে পার্টির নিরাপত্তা কর্মীদের সঙ্গে ঝামেলায় জড়ান জেসন। ওই ঝামেলায় ভাঙচুরও করেন তিনি।
ব্রিটনির দাবি— বিয়েতে আমন্ত্রিত ছিলেন না জেসন। আর জেসনের দাবি— সাবেক স্ত্রীর তৃতীয় বিয়েতে তিনি আমন্ত্রিত ছিলেন।
প্রসঙ্গত, জেসন আলেকজান্ডার ব্রিটনির শৈশবের বন্ধু। ২০০৪ সালে জেসনকে বিয়ে করেন ব্রিটনি। কিন্তু তাদের দাম্পত্য জীবন টিকেছিল মাত্র ৫৫ ঘণ্টা!
জেসনের সঙ্গে বিচ্ছেদের বছরই কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। সেই সংসারও ভেঙে যায় ২০০৭ সালে। দুই ছেলে রয়েছে কেভিন-ব্রিটনির সংসারে।
এরপর দীর্ঘ সময় একা থাকার পর স্লম্বার পার্টি গানের মিউজিক ভিডিওর সেটে ২০১৬ সালে ব্রিটনির সঙ্গে ২৮ বছর বয়সি আসগারির দেখা হয়। তাকে ব্যক্তিগত শিক্ষক হিসেবে রাখেন ব্রিটনি। এরপর স্যামের প্রেমে জড়িয়ে পড়েন ব্রিটনি। ২০২১ সালের সেপ্টেম্বরে আংটি বদল করেন তারা।




