চেয়ারম্যান কর্তৃক অপমান সইতে না পেরে ত্রান নিতে আসা যুবকের বিষপান!
সময় সংগ্রহ

সাইফ উল্লাহ, ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নে বন্যাকবলিত এলাকায় ত্রান নিতে এসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক গালিগালাজ ও মারপিটের শিকার সাল্লাইনী গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মো. সজিব মিয়া (১৮) নামের এক যুবক অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়— বুধবার (০৬ জুলাই) ১২টায় সাল্লাইনী গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মো. সজিব মিয়া (১৮) ইউনিয়ন পরিষদে ত্রান আনতে যান। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সন্দীপ তালুকদার টিটু সজিবকে গালিগালাজ ও মারপিট করেন।
অসহায় ত্রান প্রত্যাশী এই যুবক যুবক আঘাত ও অপমান নিয়ে বাড়িতে ফিরে যায়। বাড়িতে গিয়ে অপমানে-দুঃখে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে সজিবকে উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা কলমাকান্দা হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সজিব আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে মধ্যনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাবু সন্দীপ তালুকদার টিটু সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন— আমি ওই যুবকে কোন আঘাত করিনি, অপমানও করিনি।
মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক প্রতিবেদকে জানান— এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




