ওয়েস্ট ইন্ডিজকে মাঝারি টার্গেট দিলো বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার

শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানের লক্ষ্য বেধে দিয়েছে টাইগাররা। এদিন টস জিতে একাদশে একটি পরিবর্তন নিয়ে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দল।
ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনাই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং এনামুল হক বিজয়। পাওয়ার প্লেকে ভালোভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে বলতে গেলে শুরু থেকেই তারা ছিলেন মারমুখি। সবচেয়ে বেশি ছিলেন লিটন দাস।
তবে এদিনও সুবিধা করতে পারেননি এনামুল। ইনিংসের পঞ্চম ওভারে ওডিন স্মিথকে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন। বল চলে যায় থার্ডম্যান অঞ্চলে আকিলের হাতে। ১১ বলে ১০ রানে ফেরেন এনামুল।
এনামুলের আউটের পর সাকিব আল হাসান মাঠে এসেই প্রথম বলে চার হাঁকান। দ্বিতীয় বলে সিঙ্গেল নেন। পরের ওভারে নিজের খেলা তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে আকাশে তুলে দেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দারুণ ক্যাচ ধরেন স্মিথ। ৩ বলে ৫ রান করেন সাকিব। পাওয়ার প্লের ৬ ওভারে ৪৪ রান তুলতে ২ উইকেট হারায় সফরকারীরা।
তৃতীয় উইকেট জুটিতে প্রমোশন পেয়ে চারে নামা আফিফকে নিয়ে দলকে টেনে তোলেন লিটন। দারুণ ব্যাটিংয়ে নিজে ছুটেছিলেন অর্ধশতকের দিকে। তবে ১ রানের আক্ষেপে পুড়ে আউট হন ৪৯ রানে।
স্পিনার হেইডেন ওয়ালশকে এক্সটা কাভারে খেলতে চেয়েছিলেন। কিন্তু মিস টাইমিংয়ে বল চলে যায় পয়েন্টে। ডাইভ দিয়ে দারুণ ক্যাচ ধরেন আকিল। ৩ চার ও ২ ছয়ে ৪১ বলে ৪৯ রান করেন লিটন। ভাঙে আফিফের সঙ্গে গড়া ৫৭ রানের পার্টনারশিপ।
অফিফ আউট হওয়ার ২ বল আগেই সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ। ইনিংসের ১৯তম ওভারে হেইডেন ওয়ালশকে রিভার্স সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করে লেগবিফোরের ফাঁদে পড়েন তিনি। ২০ বলে ২২ রান আসে অধিনায়কের ব্যাট থেকে।
শেষদিকে নুরুল হাসান সোহানের ২ এবং মোসাদ্দেক হোসেন সৈকতের ৬ বলে ১০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৩ রান পেয়েছে বাংলাদেশ দল। জয়ের জন্য উইন্ডিজের প্রয়োজন ১৬৪ রান।




