আফ্রিকান বর্ষসেরার দৌড়ে সালাহ-মানের সঙ্গে মেন্দি
স্পোর্টস ডেস্ক

মোহাম্মদ সালাহ, সাদিও মানে নাকি এদুয়ার্দ মেন্দি—কে হবেন আফ্রিকার বর্ষসেরা ফুটবলার? আগামীকালই জানা যাবে এর উত্তর। মরক্কোর রাবাতে আগামীকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আফ্রিকার সেরা ফুটবলারের নাম। এর আগে আজ তালিকাটা ছোট করে দৌড়টা তিনজনে নামিয়ে এনেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন।
শীর্ষ তিনে যে সালাহ আর মানে থাকবেন, এটা জানাই ছিল। এই দুজনের সঙ্গে কে শীর্ষ তিনে থাকবেন, এটাই জানার ছিল। জানা গেল— এই দুজনের সঙ্গে আছেন সাদিও মানের সঙ্গে সেনেগালের হয়ে আফ্রিকান নেশনস কাপ জেতা চেলসির গোলকিপার মেন্দি। চেলসির হয়ে অসাধারণ একটা মৌসুম কাটানো মেন্দি দুর্দান্ত খেলেছেন আফ্রিকান নেশনস কাপেও।
গত মৌসুমটা লিভারপুলের হয়ে ভালো কেটেছে সালাহ ও মানেরও। মিসরের ফরোয়ার্ড সালাহ অবশ্য ক্লাব ফুটবলে গোলেও মানের চেয়ে এগিয়ে ছিলেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের হয়ে গত মৌসুমে ৫১টি ম্যাচ খেলেছেন সালাহ। ৩১টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৬টি গোল।
মানেও লিভারপুলের হয়ে সালাহর সমান ৫১টি ম্যাচ খেলেছেন। ২৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫ গোল। সালাহর চেয়ে অবশ্য কম মিনিট মাঠে ছিলেন মানে।
ক্লাব ফুটবলে সালাহর গত মৌসুমটা ভালো কাটলেও মানে আফ্রিকার বর্ষসেরা হওয়ার দৌড়ে একটু এগিয়ে থাকবেন আফ্রিকান নেশনস কাপের কারণে। সালাহর মিসরকে টাইব্রেকারে হারিয়ে সেনেগালকে শিরোপা জিতিয়েছেন মানে। টুর্নামেন্টে ৩টি গোল করেছেন তিনি।
শেষ পর্যন্ত পুরস্কারটা কার হাতে ওঠে, দেখার বিষয় এখন এটিই।




