মালয়েশিয়ায় এবারও কঠোর লকডাউনে আনন্দহীন ঈদ প্রবাসীদের
সময় সংগ্রহ :

আশরাফুল মামুন, মালয়েশিয়া থেকে : মালয়েশিয়ায় চলমান কঠোর লকডাউনের কারণে এবারও আনন্দ-উৎসববিহীন ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রচ্যের দেশগুলোর সাথে বুধবার (২১ জুলাই) মালয়েশিয়ার ঈদুল আযহা উদযাপন করা হয়।
কিন্তু স্থানীয়দের জন্য সরকারি বিধিনিষেধের কারণে ঈদুল আযহার নামাজের জামাতে অংশ নিতে পারেননি প্রবাসীরা। বাধ্য হয়ে তারা নিজ নিজ বাসায় ঈদের নামাজ আদায় করেছেন।
দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমে (এসওপি) কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সবাইকে ঘর থেকে বাইরে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। একইসাথে অনুমোদিত এলাকার নিদিষ্ট স্থানে পশু জবাই করার অনুমতি থাকলেও দেশটিতে থাকা প্রবাসীদের এমন সুযোগ না থাকায় ঘরোয়াভাবেই পালন করতে হচ্ছে এবারের ঈদুল আজহা।
প্রবাসীরা জানিয়েছে- দীর্ঘ দীন লকডাউন থাকায় কর্ম হারিয়ে অনেকেই রয়েছেন ঘরবন্দি। ঠিকমতো বেতনাদি না পাওয়ায় দেশে স্বজনদের জন্যেও ঈদ উপলক্ষে পাঠাতে পারেননি পর্যাপ্ত পরিমাণ অর্থ। ফলে এসব প্রবাসীর জীবনে ঈদ আনন্দ মাটি হয়ে গেছে আগের ঈদের মতো এবারো।
এমন পরিস্থিতিতে কুয়ালালামপুর পাসার মিনি এলমার উদ্যাগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঘরোয়াভাবে খাবার তৈরী করে গাড়িতে করে শহরে বিভিন্ন স্থানে প্রবাসীদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
পাসার মিনি এলমার স্বত্বাধিকারী মো. ইব্রাহিম মিয়া বলেন- লকডাউন সময়ে হাজারো কর্মহীন প্রবাসীর মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এই মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।




